প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 9, 2026 ইং
চিতলমারীর নিজাম হত্যা মামলার প্রধান আসামি জাহিদ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মো. সোহেল রানা
বাগেরহাটের চিতলমারী থানার চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি মো. জাহিদ শেখ (২৮)-কে গ্রেফতার করেছে র্যাব-৬, সদর কোম্পানি।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানার টাউন নওয়াপাড়া এলাকার জিয়া হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাহিদ শেখ চিতলমারী উপজেলার চিংগুড়ী গ্রামের বাবর আলীর ছেলে।
র্যাব জানায়, গত ২০ জানুয়ারি ২০২৬ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজাম উদ্দিন বিশ্বাস (৪৫)-কে চিতলমারী যাওয়ার পথে পথরোধ করে লোহার রড, চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই আফতাব উদ্দিন বাদী হয়ে চিতলমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত জাহিদ শেখ ওই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।
র্যাব-৬ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা